পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে আকাশে গুলি ছোড়ার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন। আহতদের মধ্যে ১৭ শিশুও রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো।
শুক্রবার (১৪ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এডি ফাউন্ডেশনের এক মুখপাত্র জানান, শহরের বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস উদযাপনের নামে আকাশে গুলি ছোড়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ নারী, ১৭ শিশু ও ৫৯ পুরুষ রয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার, সিভিল হাসপাতাল ও আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, আব্বাসি শহীদ হাসপাতালে ২৪ জন, জিন্নাহ হাসপাতালে ৩৫ জন এবং সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে ২৬ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করাচির লিয়াকত, সদর, কোরাঙ্গি, মালির, আজিজাবাদ, নর্থ নাজিমাবাদ, নাজিমাবাদ, গুলবাহার, গুলশান-ই-ইকবাল, ওরাঙ্গি টাউন, জামশেদ কোয়ার্টারস ও ডিফেন্সসহ বিভিন্ন এলাকায় আকাশে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
এদিকে আকাশে গুলি ছোড়ার অভিযোগে করাচির পূর্ব, পশ্চিম ও কেন্দ্রীয় জেলা থেকে ৩০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উৎসব উদযাপনের সময় আকাশে গুলি ছোড়ার বিরুদ্ধে করাচির বাসিন্দাদের বারবার সতর্ক করে আসছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, আকাশে ছোড়া গুলি একসময় মাটিতে ফিরে এসে নিরীহ মানুষকে গুরুতর আহত কিংবা নিহত করতে পারে।
স্বাধীনতা দিবস উদযাপনে করাচিতে এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২৫ সালে আকাশে গুলি ছোড়ার ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ৭৫ জন আহত হয়েছিলেন। এর আগে ২০২৪ সালে একই ধরনের ঘটনায় প্রায় ৯৫ জন আহত হন।
সূত্র: জিও নিউজ










