হরমুজ প্রণালি দিয়ে আমেরিকা, দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল ও অন্যান্য শত্রুভাবাপন্ন দেশের মালিকানাধীন জাহাজ ও সরঞ্জাম চলাচল নিষিদ্ধের একটি প্রস্তাব অন্তর্ভুক্ত করে কৌশলগত কর্মপরিকল্পনার সাধারণ কাঠামো অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টের সংশ্লিষ্ট কমিশন।
শুক্রবার (১৪ আগস্ট) ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের পার্লামেন্টের কাউন্সিলবিষয়ক কমিটির মুখপাত্র ভলিউল্লাহ বায়াতি তাসনিম নিউজ এজেন্সিকে বলেন, “হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত করতে প্রণীত কৌশলগত কর্মপরিকল্পনাটি কাউন্সিল কমিশনে পর্যালোচনা করা হয়েছে। বিভিন্ন মতামত শোনার পর এর সাধারণ কাঠামো অনুমোদন করা হয়েছে।”
প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনায় থাকা প্রস্তাবগুলোর একটিতে আমেরিকা, দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন দেশের’ মালিকানাধীন জাহাজ ও সরঞ্জাম হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে না দেওয়ার কথা বলা হয়েছে।
এই প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে বায়াতি বলেন, “এর কারণ হলো, এসব দেশ আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালাতে হরমুজ প্রণালি ব্যবহার করেছে এবং ইরানি জনগণের বিরুদ্ধে অন্যায় ও আগ্রাসী কর্মকাণ্ড সংঘটিত করেছে।”










