spot_img

ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান: শাহবাজ

পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা হিসেবে উল্লেখ করে প্রতিবেশী ভারতকে কঠোর ভাষায় সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, ভারত সঠিক পথে ফিরে না এলে তাদের সরাসরি জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ইসলামাবাদে নির্মিত ‘ইয়াদগার-ই-ফাতাহ’ বা বিজয় স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।

পাক প্রধানমন্ত্রী বলেন, এই স্মৃতিস্তম্ভ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রতীক। ‘মারকা-ই-হক’ নামের ওই সামরিক অভিযানে সফলতার জন্য ফিল্ড মার্শাল মুনির ও তাঁর দলকে অভিনন্দন জানান তিনি। মাত্র আট মাসে অনন্য নকশার এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়। তবে তাদের এই শান্তির আকাঙ্ক্ষাকে কোনোভাবেই দুর্বলতা ভাবা ঠিক হবে না। সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, সামরিক বাহিনীর এই সাফল্যে পুরো জাতির মাথা উঁচু হয়েছে এবং শত্রুপক্ষকে অত্যন্ত লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে।

কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতেও নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে পাকিস্তানের জোরালো সমর্থন অব্যাহত থাকবে। কাশ্মীরিদের আত্মত্যাগও কোনোভাবেই বৃথা যাবে না। ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তি হারাতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ