spot_img

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের বাংলাদেশে আল-কায়েদার (একিউআইএস) সম্প্রসারণ নিয়ে রিপোর্টটি অনুমাননির্ভর, সেজন্য সেটি বর্তমান সরকার আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সেই রিপোর্টটি এখনও পড়িনি, তবে শুনেছি। সেখানে হয়তো তারা কিছু পর্যবেক্ষণ দিতে পারে, না দেখে বলতে পারব না।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতির জন্য আরও সময় লাগবে। ৬ মাসের মধ্যে অনেক সংস্কার কাজ করেছি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারাবিশ্বে সংকট সৃষ্টি হয়েছিল, বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু দীর্ঘ এক মাস পর্যন্ত কোনো জ্বালানি তেল বা গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়নি। পরে সহনীয় মাত্রায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়।

তিনি আরও বলেন, গ্যাস সংকট, জ্বালানির সংকট—এগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে রেখে যাওয়া সমস্যা। আমরা ওভারনাইট এখান থেকে ওভারকাম করতে পারিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগের সরকারের সময়ে গ্যাসের জন্য আমদানির ওপর নির্ভরতা বেড়েছিল। এই নির্ভরতা কমাতে দেশে ও সমুদ্র এলাকায় নতুন গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে দেশের নিজস্ব গ্যাস দিয়েই এই সংকটের সমাধান করা সম্ভব হবে।

প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ