কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্ম্দ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি জানিয়েছেন, বাংলাদেশকে জ্বালানি সহায়তা দেবে কাতার।
বুধবার (১৯ আগস্ট) দোহায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠককালে এ আশ্বাস দেন তিনি।
ড. খলিলুর রহমান কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি জাতিসংঘে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে কাতারের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
বৈঠকে ড. খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










