spot_img

ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ নেতাকর্মীদের

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন বুলবুল আহমেদ (৩৫)। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। বন্দর থানার পশ্চিম শাখা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহর দাবি, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পরে তিনি মামলা করেন। মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের কথিত নেতা শেখ সিফাতসহ কয়েকজনকে আসামি করা হয়।

মাছুম বিল্লাহর অভিযোগ, ওই মামলা নিয়ে বুলবুলের সঙ্গে শেখ সিফাত ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সালেহনগর এলাকায় বুলবুলের ওপর হামলা চালানো হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত শেখ সিফাত ও তার সহযোগীদের গ্রেপ্তার না করা পর্যন্ত মহাসড়ক থেকে তারা সরে যাবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ