spot_img

মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতির রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

অভিনন্দন বার্তায় সালাহউদ্দিন আহমদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী ঘটনা।

তিনি বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন এ দেশের মানুষের অধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক উজ্জ্বল দলিল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি সুদীর্ঘ কয়েক দশক ধরে যে ত্যাগ-তিতিক্ষা, সাহসিকতা ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুলের মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া আপামর জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষারই এক গৌরবময় স্বীকৃতি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রপতির দক্ষ ও সঠিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা আরও সুসংহত হবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ