প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে পড়ালেখা শেষে তারা কর্মক্ষম হয়ে উঠতে পারে।
শুক্রবার (২১ আগস্ট) সাভারে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা সভায় উপাচার্য ও শিক্ষকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম তৈরি করতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য অন-ক্যাম্পাস পার্টটাইম চাকরির ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে এবং ব্রেইন ড্রেইন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।










