spot_img

একমাত্র ইসলামই মানুষকে শান্তির পথ দেখাতে পারে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেছেন, চব্বিশে হাজার হাজার জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তা এখন ফিকে মনে হচ্ছে। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। একই সঙ্গে জনগণের মৌলিক চাহিদা পূরণে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, “চব্বিশে হাজার হাজার জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তা এখন ফিকে মনে হচ্ছে। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপরিচালনা করুন। জনগণের মৌলিক চাহিদাসমূহ পূরণে যথাযথ পদক্ষেপ নিন। নয়তো জনগণের সহযোগিতা পাবেন না।”

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তিনি।

চরমোনাই পীর বলেন, “আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে ভালোবাসি। আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর চলছে। যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিলো, মা তার সন্তানকে হারালো, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে যারাই ক্ষমতায় ছিলো, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনারা দেখেছেন, গতকাল রাতে নারায়ণগঞ্জে আমাদের যুব আন্দোলনের একটা তরতাজা প্রাণকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা এর নিন্দা জানাই। সাথে সাথে জড়িতদের সকলকে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা চব্বিশে যেভাবে পাখির মতো গুলি করে এদেশের মেধাবীদের হত্যা করা হয়েছিলো, সে শব্দগুলো আমাদের কানে ধ্বনিত হচ্ছে। যারাই এসবের পুনরাবৃত্তি করবে, তাদেরই অবস্থা পতিত স্বৈরাচারের মতো হবে।”

বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ অতীতে রাষ্ট্র পরিচালনাকারী দলগুলোর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, “বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ যারাই দেশ পরিচালনা করেছে, তাদের নীতি-আদর্শের মাধ্যমে দেশে শান্তি আসেনাই। মায়েদের সন্তানহারা চিৎকার বন্ধ হয়নি। দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয়নাই। নির্বিচারে যুগ যুগ ধরে জেলে পড়ে থাকা বন্ধ হয়নাই। অতএব এসব নীতি-আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র ইসলামই মানুষকে দুনিয়া এবং আখিরাতে শান্তির পথ দেখাতে পারে।”

ইসলামী আন্দোলনের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, “আমরা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছি। দীর্ঘদিনের পথচলায় আমাদের কেউ কেউ হতাশা ব্যক্ত করেন। কেন এখনো আমরা সফল হইনি? তাদেরকে বলবো, ‘মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে’। আমি পরিষ্কারভাবে বলতে চাই, মহান আল্লাহ তায়া’লা বলেছেন, তোমাদের ভয় এবং চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমীন হও। সুতরাং ধৈর্যের সাথে আল্লাহর রহমতকে পুঁজি করে কাজ করে যেতে হবে।”

ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের উপদেষ্টা ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দীন, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী রেজাউল করীম আবরার, প্রফেসর ড. সরোয়ার হোসেন, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও ড. ঈসা সাহেদী প্রমুখ।

সম্মেলন শেষে প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ