ইরানের ওপর হামলা হলে আগের তুলনায় আরো ব্যাপক ও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ আকরামিনিয়া।
তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সামরিক কৌশল এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।
শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
আকরামিনিয়া বলেন, ‘আমাদের দেশের সামরিক নীতি আগে ছিল প্রতিরক্ষামূলক। তবে গত দুই যুদ্ধের অভিজ্ঞতায় আমরা দেখেছি, সামরিক কৌশল ধীরে ধীরে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানের দিকে এগিয়েছে।’
তবে এই পরিবর্তনের অর্থ শত্রুর বিরুদ্ধে আগাম হামলা চালানো নয় বলে স্পষ্ট করেন তিনি। তার ভাষায়, ‘এর অর্থ এই নয় যে আমরা শত্রুর বিরুদ্ধে পূর্বপ্রস্তুতিমূলক অভিযান চালাব। তবে যেকোনো আগ্রাসনের জবাব আমরা তাৎক্ষণিকভাবে দেব এবং সেই জবাব হবে আগ্রাসনের মাত্রার চেয়েও ব্যাপক।’
ইরানের এই সামরিক কর্মকর্তা জানান, আগের সংঘাতে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম ও ব্যবস্থা মেরামত করা হয়েছে। পাশাপাশি নতুন কিছু সামরিক ব্যবস্থা ও প্রযুক্তিও বাহিনীতে যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘শত্রু আবার কোনো ভুল হিসাব করলে আমরা যাতে আগের চেয়েও বেশি বিধ্বংসী জবাব দিতে পারি, সে জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।’
সূত্র: প্রেস টিভি










