spot_img

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। তবে ভারতসহ যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না।

প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে দেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করে সঠিক সময়ে ভারত সফর করা হবে।

শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘ভারতের সঙ্গে আমরা ইতিবাচক সম্পর্ক রাখতে চাই। তারা আমাদের প্রতিবেশী, তাই দেশটির সঙ্গে কার্যকর সম্পর্ক থাকবে। কিন্তু শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে কম্প্রোমাইজ করে কিছু করতে পারি না।’

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া একজন সন্ত্রাসী। হাজার হাজার মানুষ হত্যা করে সেখানে গেছেন। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াও চলছে এবং কিছু মামলার রায় হয়েছে, আরও মামলা বিচারাধীন।’

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই শেখ হাসিনার বিষয়টি নতুন কোনো সিদ্ধান্ত বা ভারতের সঙ্গে নতুন ধরনের যোগাযোগের বিষয় নয়, এটি একটি চলমান বিষয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ছাড়াও আরও অনেক অপরাধী ভারতে পালিয়ে আছেন। তাদের দেশে ফিরিয়ে আনার দাবি বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি। এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ ও আলোচনা করবে।

ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে তিনি বলেন, ‘আমরা যদি আগামীকালও জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আগামী সপ্তাহে যেতে পারি, অথবা পরের সপ্তাহেও যেতে পারি। এটা নিয়ে কোনো তাড়াহুড়ো নেই।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সফরের আগে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতির বিষয় থাকে। প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হুট করে করা যায় না।

তিনি আরও বলেন, দুই দেশের সরকারপ্রধান যখন বৈঠক করবেন, তখন সেটি শুধু আনুষ্ঠানিকতার বিষয় নয়। এর পেছনে যথেষ্ট প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ আলোচনা থাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ