spot_img

শুধু চাঁদাবাজ নয়, জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে, শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িত চক্রটির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর গত সোমবার দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর অবস্থায় বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ