spot_img

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, ছিলেন এক বাংলাদেশিসহ ২৪ নাবিক

ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ মোট ২৪ জন নাবিক ছিলেন।

শনিবার (২২ আগস্ট)বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এই সংবাদটি জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে,ডুবে যাওয়া এমভি ওশেন উইনারের নাবিকদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। ওড়িশা থেকে এসব পণ্য জাহাজটিতে বোঝাই করা হয়েছিল।

এমভি ওশেন উইনার বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে রওনা হয়।

এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে জানতে পারে যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান ভিক্টোরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড এ বিষয়ে সতর্কতা জারি করে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।

খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

ভারতের একজন ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা আমরা নিশ্চিত নই।’

তিনি জানান, বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্য জাহাজগুলোকে ঘটনাটি জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। বিজিত নামের তৃতীয় আরেকটি জাহাজও অভিযানে সহায়তা করতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড এ পর্যন্ত একটি লাইফ র‌্যাফ্ট থেকে দুইজনকে উদ্ধার করেছে। তবে কী কারণে এমভি ওশেন উইনার ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ