গণভোট ও নিজেদের দেওয়া ৩১ দফা নিয়ে বিএনপি প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, গণভোট ও নিজেদের দেওয়া ৩১ দফা নিয়ে বিএনপি প্রতারণা করেছে এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সব ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দলীয়করণসহ বিভিন্ন কারণে ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে বিএনপি সরকার অজনপ্রিয় হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী শহরের হোটেল গোল্ডেন প্যালেসে দলের জেলা সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, এনসিপি ১১ দলীয় জোটে আছে এবং থাকবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। সংগঠনের ভিত্তি গড়ার জন্য এটি একটি বড় সুযোগ। এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দলের সংগঠকদের দক্ষতা বাড়বে এবং তারা নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারবেন। এর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ভালো ফলাফল করবে।
এ জন্য জেলা, উপজেলা, সিটি, পৌরসভা ও ইউনিয়নসহ সব স্তরে দলীয় প্রার্থী দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘হয়তো আমরা সব জায়গায় জিতব না। কিছু জায়গায় ভালো হবে, কিছু জায়গায় হবে না। এ জন্য সমস্যা নেই। তবে আমরা জেতার জন্য লড়ব। আর এ জন্য ১১ দলীয় জোটের কোনো সমস্যা হবে না।’
১১ দলীয় জোট সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কিছুদিন আগে জোটপ্রধান জামায়াতের আমীর আমাদের অফিসে গিয়েছিলেন।’
তিনি বলেন, ‘আমরা যোগ্য বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে ভূমিকা রাখার চেষ্টা করছি। আগামী সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে নানা ইস্যুতে আমাদের লং মার্চ কর্মসূচি রয়েছে। এর মাধ্যমে আমরা সরকারকে জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টা করছি।’











