spot_img
spot_img

গাজ্জা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পরিকল্পনা বাতিল হয়নি: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

গাজ্জা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনা বাতিল হয়নি বলে দাবি করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

তিনি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনাটি আপাতত গাজ্জা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাটি কেবল স্থগিত করেছেন, বাতিল করেননি।

বুধবার (২ সেপ্টেম্বর) ওয়াইনেট ও ইয়েদিওথ আহরোনোথ আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

কাটজ বলেন, গাজ্জা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ইসরাইল ‘সমুদ্রপথে, আকাশপথে এবং যেকোনো উপায়ে’ প্রস্তুত রয়েছে। তবে মিসরসহ প্রতিবেশী দেশগুলো ফিলিস্তিনিদের আশ্রয় দিতে অনাগ্রহী বলে দাবি করেন তিনি।

কাটজের বক্তব্য অনুযায়ী, আমেরিকা এখনো ফিলিস্তিনিদের গাজ্জা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাতিল করেনি। শুধু তা স্থগিত রাখা হয়েছে এবং বিষয়টি নিয়মিত আলোচনায় রয়েছে। ভবিষ্যতে আমেরিকার সহায়তায় পরিকল্পনাটি বাস্তবায়নের সুযোগ আসতে পারে বলেও দাবি করেন তিনি।

এই পরিকল্পনাকে কোনো কোনো ইসরাইলি কর্মকর্তা ফিলিস্তিনিদের গাজ্জা থেকে স্বেচ্ছায় ‘অভিবাসন’ বা ‘স্থানান্তর’ হিসেবে বর্ণনা করে থাকেন। ফিলিস্তিনি অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, গাজ্জায় ইসরাইলের সামরিক অভিযান ও অবরোধের চূড়ান্ত লক্ষ্য ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করা এবং স্থায়ীভাবে উচ্ছেদ করা।

এর আগে ট্রাম্পও গাজ্জা আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়া এবং সেখানকার ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্পের সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল, কোনো ফিলিস্তিনিকে জোর করে গাজ্জা ছাড়তে বাধ্য করা হবে না। যারা চলে যাবেন, তারা চাইলে ফিরে আসতে পারবেন।

কাটজের বক্তব্যের প্রতিক্রিয়ায় আমেরিকার সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেন, গাজ্জার ফিলিস্তিনিদের উচ্ছেদ করার পরিকল্পনার বিষয়ে তিনি ও সিনেটর জেফ মার্কলি আগেই সতর্ক করেছিলেন। তার ভাষায়, এখন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে সেই আশঙ্কাই নিশ্চিত হয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ