spot_img
spot_img

আফগানিস্তান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

আফগানিস্তান ও রাশিয়া অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে রাশিয়ায় আফগান পণ্যের রপ্তানি বাড়ানো এবং আফগানিস্তানে রুশ যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি আমদানির বিষয়ও রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি এবং রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের আন্তর্জাতিক ও আন্তঃআঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী নিকিতা কর্নিয়েঙ্কো ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানো, চেলিয়াবিনস্কে আফগান পণ্যের রপ্তানি সম্প্রসারণ, রাশিয়া থেকে যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি আমদানি এবং ব্যাংকিং সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

নূরুদ্দিন আজিজি রাশিয়ায় আফগান পণ্যের রপ্তানি বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি জানান, আফগানিস্তান রুশ পণ্যের জন্য দেশে একটি বিপণনকেন্দ্র এবং চেলিয়াবিনস্কে আফগান পণ্যের জন্য একটি বাজার স্থাপনের জন্য প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, নিকিতা কর্নিয়েঙ্কো আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জোরদারে আফগানিস্তানের একটি প্রতিনিধিদলকে চেলিয়াবিনস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি। ওই প্রতিনিধিদলে বেসরকারি খাতের প্রতিনিধিরাও থাকবেন।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ বৈঠকটিকে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ