গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। গণহত্যাকারী শেখ হাসিনা ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার হচ্ছে না। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সারের সংকটে দেশের মানুষ আজ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সবাই দিশেহারা। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রশাসনে দলীয়করণ চরমে পৌঁছেছে। নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি দেশের যুবসমাজের সঙ্গে প্রতারণা করেছে। উল্টো নানা সংকটে কলকারখানা বন্ধ হয়ে মানুষ কাজ হারাচ্ছে।
তিনি আরও বলেন, ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসেই বিএনপি সরকার জনপ্রিয়তার তলানিতে গিয়ে ঠেকেছে। ঢাকা-চট্টগ্রাম লংমার্চ প্রমাণ করেছে, দেশের জনগণ বিএনপি সরকারের বর্তমান কর্মকাণ্ড সমর্থন করে না।
সভায় আরও উপস্থিত ছিলেন জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা প্রমুখ।












