নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে নেপালে পৌঁছালে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।
বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের এ সফরে মাওলানা মামুনুল হক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি দুর্গত মানুষের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখবেন এবং তাদের প্রয়োজন ও সমস্যার কথা শুনবেন।
এ ছাড়া দুর্গত এলাকায় চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের খোঁজ নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কী ধরনের মানবিক সহায়তা প্রয়োজন হতে পারে, সে বিষয়েও ধারণা নেবেন তিনি।
সফরকালে স্থানীয় আলেম-উলামা এবং সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে মাওলানা মামুনুল হকের।
সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও অন্যান্য স্থাপনা। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মাওলানা মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।
দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।












