রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে এই বাংলাদেশ পাওয়া গেছে। দেশের গণতন্ত্র রক্ষা করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন শুরু হচ্ছে। ঠাকুরগাঁওয়ে কলকারখানা করার চেষ্টা করছে সরকার। শিগগির কৃষি বিনিয়োগকারী নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ ঝামেলা পছন্দ করে না। সবাই যার যার রাজনীতি করবে, কিন্তু কোনো সংঘাতে জড়ানো যাবে না।
এ সময় ঠাকুরগাঁওয়ে স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে বলেও জানান রাষ্ট্রপতি।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে সার্কিট হাউসে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের সমাধিতে দোয়া করেন।
এর আগে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌঁছান রাষ্ট্রপতি। দুই দিনের সফর শেষে আগামীকাল সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।












