ব্রাহ্মণবাড়িয়া শহরে সদর মডেল থানার সামনে দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা ছাত্রলীগের সহসভাপতি সানি শাহের নেতৃত্বে এ মিছিল হয়। তবে থানার সামনে মিছিল হওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
সকাল ৭টার দিকে শহরের কাজীপাড়া এলাকা থেকে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল শুরু করেন। তারা কাজী মাহমুদ শাহ গেট দিয়ে টিএ রোডে প্রবেশ করে গোড়াপট্টি ও থানা ব্রিজ এলাকা হয়ে মঠের গোড়া ও ফায়ার সার্ভিস অফিসের দিকে যান।
পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মিছিলে সানি শাহকে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নেতৃত্ব দিতে দেখা যায়। অংশগ্রহণকারীদের অনেকের মাথায় সাদা টুপি ও মুখে মাস্ক ছিল। তাদের বহন করা ব্যানার ও ছবিতে শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ছবি দেখা যায়।
মিছিল শেষে জেলা সমবায় মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সেখানে সানি শাহ বলেন, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আজ সবাই সমবেত হয়েছি।’
ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা ছাত্রদলের অস্ত্র ও রক্তের রাজনীতির বিরুদ্ধে ফুল ও ভালোবাসা দিয়ে রাজপথ জয় করব।’
তবে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম থানার সামনে মিছিল হওয়ার বিষয়টি অস্বীকার করেন।
তিনি বলেন, ‘থানার সামনে এমন মিছিল করার সুযোগ নেই। ভিডিওতে বিভিন্ন স্থানের বিচ্ছিন্ন কিছু ফুটেজ দেখা গেছে। সন্ত্রাস দমনে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে।’
অন্যদিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রাকীব উর রাজা বলেন, এ বিষয়ে পুলিশ অবগত নয়। ভিডিওটি নতুন নাকি পুরোনো, তা এখনই বলা যাচ্ছে না। আশপাশের ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো বিশ্লেষণের পর মন্তব্য করা যাবে বলে জানান তিনি।












