spot_img
spot_imgspot_img

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, এখনো হদিস নেই ২ হাজারের: রুমিন ফারহানা

২০২৬ সালের প্রথম সাত মাসে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, নিখোঁজ এসব শিশুর মধ্যে দুই হাজারের বেশি শিশুর এখনো কোনো হদিস মেলেনি।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আইনি সংজ্ঞা অনুযায়ী সরকারি কোনো বাহিনী কিংবা তাদের অনুমোদন ও সমর্থনে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করা হলে তাকে গুম বলা হয়। একজন আইনজীবী ও আইনপ্রণেতা হিসেবে আমি খুব ভালো করেই জানি, শিশুদের হারিয়ে যাওয়া বা নিখোঁজের ঘটনা সরাসরি গুমের আইনি সংজ্ঞায় পড়ে না। তবে গুমের আওতায় না পড়লেও বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে চরম আশঙ্কাজনক।

নিখোঁজ শিশুদের স্বজনদের আকুল আর্তনাদের চিত্র তুলে ধরে তিনি বলেন, সন্তানহারা পরিবারগুলো একত্রিত হয়ে সভা-সমাবেশ করছে এবং রাজপথে দাঁড়িয়ে এক বাক্যে বলছে, ‘আমাদের সন্তানদের আমাদের কোলে ফিরিয়ে দিন।’ অথচ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এত বিপুলসংখ্যক শিশুর অন্তর্ধান ঠেকাতে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, কীভাবে প্রতিনিয়ত শত শত শিশু উধাও হয়ে যাচ্ছে। এসব শিশু কোনো আন্তর্জাতিক শিশু পাচারকারী চক্রের শিকার হচ্ছে কি না, কিংবা কোনো অসাধু বলয়ের হাত ধরে অপরাধ জগতে ছিটকে পড়ছে কি না, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

সন্তান হারানো বাবা-মা ও স্বজনরা নিখোঁজের পর দিন-রাত প্রশাসনিক দ্বারে দ্বারে ঘুরছেন বলেও উল্লেখ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক নজরদারি ও সদিচ্ছার অভাবে কোনো কূলকিনারা পাওয়া যাচ্ছে না।

রুমিন ফারহানা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন অত্যন্ত ব্যস্ত মানুষ। তিনি প্রতিনিয়ত পত্রিকা বা দেশের সার্বিক খবর পড়ার সময় পান কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেই কারণেই একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তাকে বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, নিখোঁজ হওয়া প্রতিটি শিশুর প্রকৃত অবস্থান শনাক্ত করে তাদের উদ্ধার এবং স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের প্রধান সাংবিধানিক দায়িত্ব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ