সড়কে যানবাহনের শৃঙ্খলা, পরিবেশ সুরক্ষা ও অটোরিকশাচালকদের কর্মসংস্থানের বিষয় বিবেচনায় রেখে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণে বিধি-বিধান ও নীতিমালা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে কোন কোন সড়কে অটোরিকশা চলাচল করতে পারবে, তা নির্ধারণ করা হবে। প্রধান প্রধান সড়কে এসব যানবাহন চলাচল ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নীতিমালা বাস্তবায়নের সময় অটোরিকশাচালকদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখা হবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারি পরিবেশের জন্য ক্ষতিকর। অটোরিকশায় এমন ব্যাটারি ব্যবহারের শর্ত দেওয়া হবে, যাতে তা ডিজিটালি ট্র্যাক করা যায়। একটি রেজিস্ট্রেশন নম্বরের অধীনে একাধিক যানবাহন চালানোর সুযোগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অবৈধভাবে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নিয়ে অটোরিকশার চার্জিং স্টেশন পরিচালনা করা হয়। এ ধরনের অবৈধ সংযোগের সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের লোকজন জড়িত। সব দিক বিবেচনা করেই নতুন নীতিমালা ও বিধি প্রণয়ন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেকারত্ব যাতে না বাড়ে, কর্মসংস্থান যাতে ব্যাহত না হয়, পরিবেশ সুরক্ষিত থাকে এবং যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকে, এসব বিষয় লক্ষ্য রেখেই নীতিমালা বাস্তবায়ন করা হবে।












