পাবনা শহরের একটি ইসকন মন্দিরে প্রতিমাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের সময় প্রান্থ কুমার দাস (২৫) নামে এক হিন্দু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে।
প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মণ্ডলের ছেলে।
মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলার পর প্রান্থ সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি মন্দিরের প্রতিমাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করেন। এ সময় মন্দির কর্তৃপক্ষের লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামের দাবি, প্রান্থ মানসিকভাবে অসুস্থ ছিলেন। মন্দিরে প্রবেশের পর তার মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় তিনি ভাঙচুর শুরু করেন বলে জানান তিনি।
এ ঘটনায় প্রান্থের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।












