spot_img
spot_imgspot_img

ইরান হুথিদের নিয়ন্ত্রণ করে না, দাবি তেহরানের

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীর ওপর তেহরানের সরাসরি নিয়ন্ত্রণ নেই বলে দাবি করেছে ইরান। সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলা বন্ধে প্রভাব খাটানোর আহ্বান জানিয়ে পাকিস্তান তেহরানের কাছে রিয়াদের বার্তা পৌঁছে দেওয়ার পর এ অবস্থান জানায় দেশটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে পাকিস্তানের মাধ্যমে সৌদি বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এর জবাবে তেহরান বলেছে, “ইরান হুথিদের নিয়ন্ত্রণ করে না।”

রয়টার্স জানিয়েছে, হুথিদের হামলা আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়া ঠেকাতে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠায় সৌদি আরব। এতে হুথিদের ওপর তেহরানের প্রভাব ব্যবহার করে সৌদি ভূখণ্ডে হামলা বন্ধের আহ্বান জানানো হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি সূত্র রয়টার্সের কাছে দাবি করেছে, গত সপ্তাহে তেহরান হুথিদের সৌদি আরবে হামলা বাড়াতে উৎসাহিত করেছিল এবং অতিরিক্ত অর্থ ও অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স এবং তেহরানের প্রকাশ্য অবস্থান এর বিপরীত।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হুথিদের হামলা বেড়েছে। মঙ্গলবার খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি ও আশপাশের জ্বালানি অবকাঠামোয় হামলায় ৭৩ জন আহত হন।

পাকিস্তানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে কোনো পাল্টা সামরিক অভিযানে যোগ দেওয়ার সিদ্ধান্ত এখনো নেয়নি ইসলামাবাদ। দেশটি আপাতত কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা করছে।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ