spot_img
spot_imgspot_img

হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মুহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সেবা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনকালে বেশ কিছু অনিয়মও তার নজরে আসে।

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তারা অভিযোগ করেন, প্রয়োজনের সময় ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও জানান তারা।

অভিযোগ শুনে রোগীদের আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ