spot_img
spot_imgspot_img

গাজ্জায় বাড়ির ছাদে ড্রোন হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জা শহরের দক্ষিণে সাবরা এলাকায় একটি বাড়ির ছাদে ড্রোন হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তিও রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সাফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সাফা নিউজের সংবাদদাতা জানান, যুদ্ধবিরতি অব্যাহত রাখার মধ্যেই গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণ চলছে। দুই দিন আগে খান ইউনিস শহরের আল-কুব্বা এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় আহত তরুণ হিলাল মাহমুদ সালেহ আবু তাহা পরে শহীদ হয়েছেন।

এ ছাড়া গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের খান ইউনিসের উত্তরে হামাদ শহরের উত্তর এলাকাতেও ইসরাইলি বাহিনীর গুলিতে এক তরুণ আহত হয়েছেন।

সাফা নিউজ জানায়, উত্তর গাজ্জার বেইত লাহিয়া প্রকল্প এলাকায় ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে এক বয়স্ক ব্যক্তি আহত হয়েছেন। একই সময়ে গাজ্জা শহরের দক্ষিণে সাবরা এলাকায় একটি বাড়ির ছাদে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণও অব্যাহত ছিল। মধ্যাঞ্চলের আল-বুরেইজ শরণার্থী শিবিরের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের উত্তরে আল-কারারা এলাকার পূর্বদিকে ইসরাইলি বাহিনী ট্যাংক থেকে ব্যাপক গুলিবর্ষণ ও হামলা চালিয়েছে বলে জানিয়েছে সাফা নিউজ।

সূত্র : সাফা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ