বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারী হত্যায় নিজ দেশের নাগরিক উমর আল শাম্মেরীকে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে সৌদি আরব।
গত বুধবার (২৪ মার্চ) অভিযুক্ত সৌদি নাগরিকের বিরুদ্ধে আনীত অভিযাগ প্রমাণীত হওয়ায় দেশটির স্থানীয় আদালত এ রায় প্রদান করেন।
জানা যায়, ২০০৬ সালের জুন মাসে সৌদি আরবের দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সাথে সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বাদানুবাদ হয়। একপর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন। গুলি করার পর উমর ঘটনাস্থল হতে পালিয়ে যান। নিহত সাগর পাটোয়ারী বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার, নাগিরপাড় গ্রামে।
দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে শনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে। সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি অংশগ্রহণ করেন।











