spot_img
spot_img

ওমানে হুথি-আমেরিকা বৈঠক; আমেরিকান জাহাজে হামলা না করার আশ্বাস

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনী আমেরিকান জাহাজে হামলা না করার এবং আগের যুদ্ধবিরতি মেনে চলার আশ্বাস দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে এক গোপন বৈঠকে হুথি প্রতিনিধিরা এ অবস্থান জানান। তবে দুই পক্ষের মধ্যে নতুন কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আল জাজিরা ইংলিশের প্রতিবেদনে বলা হয়, আমেরিকা ইয়েমেনের চলমান যুদ্ধে সরাসরি সামরিকভাবে জড়িয়ে না পড়লে লোহিত সাগরে আমেরিকান জাহাজ চলাচলে বাধা না দেওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে আমেরিকান সংবাদমাধ্যমে খবর এসেছে।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে জানানো হয়, গত সপ্তাহান্তে মাস্কাটে আমেরিকান দূতাবাসে হুথি প্রতিনিধিদের সঙ্গে আমেরিকান কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওমান সরকার বৈঠক আয়োজনে সহায়তা করে।

দুটি সূত্র জানায়, বৈঠকে হুথি প্রতিনিধিরা আমেরিকান জাহাজে হামলার কোনো পরিকল্পনা নেই বলে আশ্বাস দেন। একই সঙ্গে ২০২৫ সালে আমেরিকার সঙ্গে হওয়া যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

একটি ইয়েমেনি সূত্রের দাবি, হুথিরা সৌদি আরবের জাহাজ ছাড়া ইসরাইলি জাহাজসহ অন্য বাণিজ্যিক জাহাজেও হামলা না করার কথা জানিয়েছে। তবে এ বক্তব্যের বিষয়ে হুথি বাহিনীর আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বৈঠকে আমেরিকার পক্ষে মাস্কাট দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। হুথি প্রতিনিধিদলে ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মাদ আবদুস সালাম ও আবদুল মালিক আল-আজরি।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আমেরিকার পররাষ্ট্র দপ্তর সরাসরি নিশ্চিত বা অস্বীকার করেনি। দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, লোহিত সাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদের বিস্তার প্রতিরোধ করা আমেরিকার গুরুত্বপূর্ণ স্বার্থ।

তবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর আগে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা স্বীকার করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ইয়েমেনের যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে না পড়ার অনুরোধ জানিয়েছে হুথিরা।

এদিকে হুথি বাহিনী ইয়েমেনের লোহিত সাগর উপকূলে সামরিক অগ্রগতি অর্জন করার পর সৌদি আরবের সঙ্গে সংঘাত আরও তীব্র হয়েছে। মোখা বন্দর ও বাব আল-মান্দাব প্রণালিসংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় হুথিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক পরিস্থিতিতে সৌদি আরব আমেরিকার সামরিক সহায়তা চাইলেও ওয়াশিংটন সরাসরি যুদ্ধে অংশ না নেওয়ার অবস্থান জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাবকে ঘিরে সংঘাতের মধ্যে আমেরিকা ও হুথিদের এই যোগাযোগ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য তাৎপর্যপূর্ণ। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সূত্রভিত্তিক খবর পাওয়া গেলেও কোনো নতুন চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশ করা হয়নি।

সূত্র : আল-জাজিরা, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ