spot_img
spot_img

আল-আকসায় ইসরাইলের আগ্রাসন প্রতিহত করতে কার্যকর পদক্ষেপের আহ্বান হামাসের

ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও জেরুজালেম বিষয়ক দপ্তরের প্রধান হারুন নাসেরুদ্দিন বলেছেন, দখলদার ইসরাইলের উগ্রপন্থী মন্ত্রী বেন গাভিরের পবিত্র আল-আকসা মসজিদে বারবার হানা, সেখানে নামাজ ও ধর্মীয় আচার পালন এবং পবিত্র নগরী জেরুজালেম ও এর বাসিন্দাদের ওপর দখলদার বাহিনীর আগ্রাসন বেড়ে যাওয়ায় সব পর্যায়ে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এর মাধ্যমে জেরুজালেমকে ইহুদিকরণের প্রচেষ্টা ব্যর্থ করার পাশাপাশি দখলদার ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসন প্রতিহত করতে হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

হারুন নাসেরুদ্দিন বলেন, আল-আকসা মসজিদে বসতকারীদের অব্যাহত হানা একটি সুপরিকল্পিত পরিকল্পনার অংশ। এর লক্ষ্য হলো দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ ও পুরোনো শহরের বৈশিষ্ট্য এবং আরব ও ইসলামী পরিচয় পরিবর্তন করা।

তিনি জোর দিয়ে বলেন, মুকাদ্দাসিদের দৃঢ়তা, অবিচলতা এবং ইহুদিকরণের সব পরিকল্পনার বিরুদ্ধে তাদের প্রতিরোধের কারণে এসব অপরাধ সফল হবে না।

আল-আকসা মসজিদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ক্রমাগত বাড়তে থাকায় সতর্ক করেন তিনি। চলতি বছর এ ধরনের বহিষ্কারাদেশের সংখ্যা প্রায় ১ হাজারে পৌঁছেছে। এর পাশাপাশি মাঠপর্যায়ে হাজার হাজার বহিষ্কারও করা হয়েছে, যার মাধ্যমে পুরোনো শহর ও আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এসব পদক্ষেপের লক্ষ্য আল-আকসা মসজিদকে মুসল্লি ও দর্শনার্থীদের থেকে খালি করে দেওয়া বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এসব পদক্ষেপ পবিত্র স্থানগুলোর ওপর সুস্পষ্ট আগ্রাসন। জেরুজালেম ও আল-আকসা মসজিদে দখলদার বাহিনীর ইহুদিকরণ পরিকল্পনা ও প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আল-আকসা মসজিদকে হুমকির মুখে ফেলা বিপদ মোকাবিলায় ফিলিস্তিনি, আরব ও ইসলামী বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানান হারুন নাসেরুদ্দিন। একই সঙ্গে আল-আকসা মসজিদ ও জেরুজালেমের ওপর ইহুদিকরণ মোকাবিলায় জনসমাবেশ ও ব্যাপক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

সূত্র: সাফা নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ