ফিলিস্তিনিদের ওপর চলমান হামলা ইন্দোনেশিয়ার জাতীয় শক্তি আরও জোরদার করার প্রেরণা হিসেবে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি ইন্দোনেশিয়ার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইন্দোনেশিয়া শক্তিশালী হলে অন্য একটি শাসনের হাতে নিপীড়িত ভাই-বোনদের সাহায্য করতে পারবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) একটি ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রাবোও কয়েকবার ‘ফ্রি প্যালেস্টাইন’ বা ‘ফিলিস্তিন স্বাধীন করো’ স্লোগান দেন।
অনুষ্ঠানে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদুলফাত্তাহ এ কে আল-সাত্তারি প্রাবোওকে একটি কেফিয়েহ উপহার দেন। কেফিয়েহ গ্রহণের পর প্রাবোও মঞ্চে ফিরে আসেন। এ সময় তাকে ওই ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ দিয়ে চোখ মুছতে দেখা যায়।
এরপর প্রাবোও আবার কয়েকবার ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইন্দোনেশিয়া যদি “শক্তিশালী” হয়, তাহলে “অন্য একটি শাসনের হাতে নিপীড়িত আমাদের ভাই-বোনদের আমরা সাহায্য করতে পারব।”
তিনি বলেন, একটি দেশের শক্তি নির্ভর করে তার আত্মনির্ভরশীল হওয়ার সক্ষমতার ওপর। একই সঙ্গে নিজেদের সম্পদ কার্যকরভাবে কাজে লাগিয়ে ইন্দোনেশিয়াকে নিজেদের পরিচালনা, সুরক্ষা ও শক্তি আরও জোরদার করতে হবে।
ইন্দোনেশিয়া যেন আর কখনো উপনিবেশিত না হয়, তা নিশ্চিত করতে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার গুরুত্বও তুলে ধরেন প্রাবোও।
তিনি বলেন, আমাদের দৃঢ় সংকল্প নিতে হবে, যাতে আর কখনো কারও দ্বারা উপনিবেশিত না হই। আমাদের শক্তিশালী হতে হবে।
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি











