রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের মিরপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান।
মিছিল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদ জানানো হয়। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে দলটির বিচার দাবি করেন জামায়াত নেতারা।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, মহানগরী মজলিসে শূরা সদস্য মাস্টার আশরাফুল আলম, মনিরুল ইসলাম মৃধা, অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, আব্দুল মোতাকাব্বিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।











