spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলি বাহিনীর গুলিতে শিশুসহ ৩ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাহিনীর গুলিতে এক শিশুসহ তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ ছাড়া অন্তত নয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) আল জাজিরা আরবি স্থানীয় হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ গাজ্জার নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, রাফাহর আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক শিশু শহীদ হয়েছে।

মধ্য গাজ্জার আল-আকসা শহীদ হাসপাতালের তথ্য অনুযায়ী, দেইর আল-বালাহ শহরের পূর্বাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে এক নারী শহীদ হয়েছেন।

অন্যদিকে উত্তর গাজ্জার আল-শিফা মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, জাবালিয়ায় ইসরাইলি বাহিনীর গুলিতে আহত এক ফিলিস্তিনি পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

গাজ্জার অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা বিভাগের তথ্য অনুযায়ী, খান ইউনিস ও আল-বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত নয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাঁদের মধ্যে খান ইউনিসে ইসরাইলি সামরিক যান থেকে গুলি চালানোর ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

এ ছাড়া জাবালিয়ায় গুলিবিদ্ধ হয়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বাঞ্চলে ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে।

রাফাহ শহরের উত্তরে আল-শাকুশ এলাকায় ইসরাইলি ট্যাংক থেকে গুলিবর্ষণ ও কামানের গোলাবর্ষণের খবরও দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে গাজ্জায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে বসবাসরত ফিলিস্তিনিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। গাজ্জার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধসে পড়ার ঝুঁকিতে থাকা ২৫৫টি ক্ষতিগ্রস্ত ভবন জরুরি ভিত্তিতে খালি করে অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গাজ্জার গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, উপত্যকায় প্রায় তিন হাজার ভবন বিপজ্জনক অবস্থায় রয়েছে। এসব ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলি হামলায় ঘরবাড়ি হারানো বহু ফিলিস্তিনি বিকল্প আশ্রয়ের অভাবে ক্ষতিগ্রস্ত ভবনেই বসবাস করছেন। ফলে চলমান সহিংসতার পাশাপাশি ভবনধসের ঝুঁকিও তাঁদের জীবনকে বিপন্ন করে তুলেছে।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ