আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির সরকারি মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের এই আগ্রাসন ও জুলুমের উপযুক্ত জবাব দেওয়া হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
আফগান সরকারের তথ্য অনুযায়ী, সোমবার ভোররাতে পাকিস্তানি যুদ্ধবিমান কুনার প্রদেশের নুরগাল জেলা এবং পাকতিকা প্রদেশের বারমাল জেলার কয়েকটি এলাকায় হামলা চালায়।
কুনারের নুরগাল জেলার পাতান গ্রামে একটি বসতবাড়িতে হামলায় একই পরিবারের তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
আফগান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, হামলায় স্থানীয় বাসিন্দা নুর আহমদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। এতে নুর আহমদ ও তাঁর পরিবারের আরও দুজন নিহত এবং চার স্বজন আহত হয়েছেন।
অন্যদিকে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার রাখাহ ও তোর কান্দি এলাকায় বিমান হামলায় একটি দোকান ও একটি খালি বসতবাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার কঠোর নিন্দা জানিয়ে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের পক্ষ থেকে কুনার ও পাকতিকায় চালানো বিমান হামলা আগ্রাসন, জুলুম এবং অপরাধের পুনরাবৃত্তি।
তিনি অভিযোগ করেন, পাকিস্তানের সামরিক মহল নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে আবারও আফগানিস্তানে এ ধরনের হামলা চালিয়েছে।
মুজাহিদ স্পষ্টভাবে জানিয়ে দেন, আফগান জনগণ এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে, ইনশাআল্লাহ।
এদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বিমান হামলার কথা নিশ্চিত করে দাবি করেছে, আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ২৮ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের দাবি, খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক হামলাগুলোর সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে আফগান সরকার জানিয়েছে, পাকিস্তানের হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুই পক্ষের হতাহতের দাবি স্বাধীনভাবে পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে। আফগান সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট সমাধানের দায়িত্ব দেশটির নিজের।
সর্বশেষ বিমান হামলা এবং এর উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণায় প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্র : আরিয়ানা নিউজ, পাজওক আফগান নিউজ, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস।











