আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) একটি নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান আখ্যা দিয়ে এর সব সদস্য রাষ্ট্রকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আদালতটিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি প্রতিষ্ঠান বলেও অভিহিত করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ট্রাম্প বলেন, আমেরিকা তার সামরিক বাহিনী বা অন্য কাউকে এমন একটি প্রতিষ্ঠানের দ্বারা তদন্ত বা বিচারের সম্মুখীন হতে দেবে না, যেটির ওপর আমেরিকার কোনো এখতিয়ার নেই। এ কারণে তিনি আইসিসির সদস্য রাষ্ট্রগুলোকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান।
জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, এসব সংস্থা বিশ্বের প্রকৃত নৃশংসতার দিকে মনোযোগ না দিয়ে ট্রান্সজেন্ডার ব্যক্তি ও অভিবাসন প্রয়োগ সংক্রান্ত আমেরিকার নীতির সমালোচনা করছে।
ডোনাল্ড ট্রাম্প আরও অভিযোগ করেন, বিশ্বজুড়ে খ্রিস্টানদের ওপর নিপীড়ন চললেও এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ নীরব রয়েছে।
সূত্র : রয়টার্স











