spot_img
spot_img

কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার নিন্দা ভারতের

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়েছে ভারত। এসব হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায়ও নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা পাকিস্তানের হামলার তীব্র নিন্দা জানাই। কুনার ও পাকতিকা প্রদেশে আফগানিস্তানের ওপর চালানো বিমান হামলারও আমরা তীব্র নিন্দা জানাই। এসব বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।”

তিনি বলেন, “একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি দৃঢ় ও অবিচল সমর্থন জানায়। একই সঙ্গে আফগান জনগণের কল্যাণ ও মঙ্গল কামনা করেছে ভারত।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় তিনজন বেসামরিক মানুষ নিহত ও আরও চারজন আহত হয়েছেন। জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক সহায়তা মিশনও কুনারে তিন বেসামরিক মানুষের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তাদের বিমান হামলায় ২৮ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলাগুলো সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে চালানো হয়েছে।

এর আগে শুক্রবার উত্তর-পশ্চিম পাকিস্তানের কোহাটে একটি পুলিশ স্থাপনায় সশস্ত্র হামলায় ২৪ জন নিহত হন। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিমান হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সোমবার কুনার ও পাকতিকায় এসব হামলার ঘটনা ঘটে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধান মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করে বলেছেন, আফগানিস্তান এর উপযুক্ত জবাব দেবে।

সূত্র: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, রয়টার্স, এপি, আরিয়ানা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ