পেট্রোলিয়াম লেভি প্রত্যাহার ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে ইসলামাবাদ অভিমুখে চলমান লং মার্চের পরবর্তী ধাপ সাময়িকভাবে স্থগিত করেছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে মঙ্গলবার মুলতানে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত ঘোষণা করেন দলটির আমীর হাফিজ নাঈমুর রহমান।
আমেরিকা সফরে থাকা শাহবাজ শরীফ টেলিফোনে হাফিজ নাঈমুর রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ইসলামাবাদ অভিমুখী কর্মসূচি আপাতত স্থগিত রাখার অনুরোধ জানান। দেশে ফেরার পর জামায়াত নেতৃত্বের সঙ্গে বৈঠক করে পেট্রোলিয়াম লেভির বিষয়টি নিয়ে আলোচনা করার বিষয়েও দুই পক্ষ সম্মত হয়েছে।
প্রধানমন্ত্রীর অনুরোধ পাওয়ার পর দলীয় নেতাদের সঙ্গে দীর্ঘ পরামর্শ করেন হাফিজ নাঈমুর রহমান। পরে তিনি জানান, লং মার্চের পরবর্তী যাত্রা আপাতত স্থগিত রাখা হলেও আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পর্যন্ত তাদের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।
জামায়াত আমীর বলেন, সরকার জনগণকে জ্বালানি তেলের দামে কার্যকর স্বস্তি দেওয়ার ঘোষণা দিলে পরবর্তী সিদ্ধান্ত সে অনুযায়ী নেওয়া হবে। তা না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে একই শক্তি নিয়ে লং মার্চ আবার শুরু করা হবে।
জামায়াতে ইসলামী পেট্রোলিয়াম লেভি প্রত্যাহার ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। দলটির ভাষ্য অনুযায়ী, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে। এ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিও পালন করেছে দলটি।
হাফিজ নাঈমুর রহমান জানিয়েছেন, জ্বালানি তেলের দাম কমাতে জামায়াত সরকারের কাছে একাধিক প্রস্তাব দিয়েছে। তবে সরকারি প্রতিনিধিরা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মসূচির আওতায় থাকা প্রতিশ্রুতির কারণে পেট্রোলিয়াম লেভি কমানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন। ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের আগে সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তাও চাইবে জামায়াত।
এর আগে ২০ সেপ্টেম্বর করাচি থেকে ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করে জামায়াতে ইসলামী। বিভিন্ন শহর অতিক্রম করে হাফিজ নাঈমুর রহমানের নেতৃত্বাধীন কাফেলা মুলতানে পৌঁছানোর পর শাহবাজ শরীফের অনুরোধে ইসলামাবাদ অভিমুখে পরবর্তী যাত্রা স্থগিত করা হয়।
সূত্র : ডন, জিও নিউজ, বিজনেস রেকর্ডার











