আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পাকিস্তানের একটি বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করেছে আফগান বাহিনী। স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম হুরিয়াত রেডিও।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হুরিয়াত রেডিও জানায়, হেলমান্দের গেরেশক জেলায় সপ্তম সীমান্ত ব্রিগেডের অবস্থানের ওপর দিয়ে উড্ডয়নের সময় ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় আফগান বাহিনী। পরে সেটি ভূপাতিত হয়।
প্রতিবেদনে ড্রোনটিকে পাকিস্তানের বিস্ফোরকবাহী উড়োজাহাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ড্রোনটির ধরন, এতে কী ধরনের বিস্ফোরক ছিল এবং এটি কোথা থেকে উড্ডয়ন করেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
হুরিয়াত রেডিওর প্রতিবেদনে বলা হয়, এর আগে বুধবার রাতে আফগানিস্তানের খোস্ত, পাকতিয়া ও কান্দাহার প্রদেশে আবারও বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী।
এর দুই দিন আগে কুনার ও পাকতিকা প্রদেশেও হামলা চালিয়েছিল পাকিস্তান। কুনারের ওই হামলায় একই পরিবারের তিন বেসামরিক নাগরিক নিহত এবং চারজন আহত হন। জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনও ওই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
সাম্প্রতিক এসব হামলাকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আরও বেড়েছে।
সূত্র : হুরিয়াত রেডিও











