spot_img
spot_img

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-মসজিদে কালেমা খচিত ফলক স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কালেমা খচিত ফলক স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ঐতিহ্য তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এসব ফলক স্থাপন করা হয়। ফলকগুলোতে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ খচিত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়েও প্রকৌশল, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। তবে এর পাশাপাশি কুরআন-হাদিসসহ ইসলামী শিক্ষার বিশেষায়িত বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে।

তিনি বলেন, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ের উদ্দেশ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ঐতিহ্যকে সামনে রেখেই প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদের সামনে কালেমা খচিত ফলক স্থাপন করা হয়েছে।

উপাচার্য আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ইসলাম জড়িত। তাই কেন্দ্রীয় মসজিদ ও প্রধান ফটকে কালেমা খচিত থাকা স্বাভাবিক। এর মাধ্যমে অন্য ধর্মাবলম্বীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের আরও কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান বলেন, প্রধান ফটকে কালেমা খচিত ফলক স্থাপন প্রশংসনীয় উদ্যোগ। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় যেন তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে, সে আহ্বান জানান তিনি।

অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকী ওয়াসিফ বলেন, প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদের সামনে কালেমা খচিত স্থাপনা নির্মাণ ইতিবাচক উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে পবিত্র কালেমার মর্যাদা ও পবিত্রতা যথাযথভাবে রক্ষায় প্রশাসনের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ