spot_img
spot_img

আল-কুদসের মর্যাদা রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে: পাক পররাষ্ট্রমন্ত্রী

দখলকৃত পূর্ব আল-কুদসের মর্যাদা এবং বাইতুল মুকাদ্দাসে অবস্থিত মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি অবস্থান রক্ষার প্রশ্নে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান আরও জরুরি হয়ে উঠেছে। দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের একতরফা পদক্ষেপ ঠেকাতে মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ইসহাক দার বলেন, দখলকৃত পূর্ব আল-কুদস ও সেখানকার পবিত্র স্থানগুলোর ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই। আল-কুদসের চরিত্র, পরিচয় এবং ঐতিহাসিক ও আইনি মর্যাদা পরিবর্তনের যেকোনো একতরফা প্রচেষ্টা প্রত্যাখ্যান করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত আরব লীগ এবং পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।

মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ ও আল-হারাম আল-শরীফে চলমান লঙ্ঘনের প্রসঙ্গ তুলে ইসহাক দার বলেন, সেখানকার ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা বন্ধ করতে হবে।

তিনি অবৈধ বসতি সম্প্রসারণ, ইসরাইলি দখলদারদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইসহাক দার বলেন, আল-কুদসের সুরক্ষায় মুসলিম দেশগুলোর মধ্যে যে সমঝোতা রয়েছে, সেটিকে এখন বাস্তব, সমন্বিত ও ধারাবাহিক পদক্ষেপে রূপ দিতে হবে। আল-কুদস ও এর পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক সমর্থনও আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, আল-কুদস ও আল-আকসার প্রতিষ্ঠিত মর্যাদার কোনো লঙ্ঘন ঘটলে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে সময়মতো সম্মিলিত ও কার্যকর প্রতিক্রিয়া আসতে হবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আল-কুদসের মুসলিম ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর জর্ডানের হাশেমি তত্ত্বাবধানের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি আল-আকসা মসজিদ ও আল-হারাম আল-শরীফ পরিচালনায় জেরুজালেম ওয়াকফ ও আল-আকসা মসজিদবিষয়ক বিভাগের এখতিয়ারের প্রতিও সমর্থন জানান।

গাজ্জার পরিস্থিতির প্রসঙ্গ তুলে ইসহাক দার বলেন, ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি ১৯৬৭ সালের জুন-পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে স্বাধীন, সার্বভৌম, কার্যকর ও সংলগ্ন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ওই রাষ্ট্রের রাজধানী হবে আল-কুদস আল-শরীফ।

ইসহাক দার বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, আল-কুদসের মর্যাদা রক্ষা এবং আল-আকসার ঐতিহাসিক অবস্থান অক্ষুণ্ন রাখতে পাকিস্তান আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

সূত্র : পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়, আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ