spot_img
spot_img

নুরিস্তানে আফগান বাহিনীর বড় অভিযান, ২৮ নিহত ও ৩২ আটক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নুরিস্তান প্রদেশের কামদেশ জেলায় ডুরান্ড রেখা অতিক্রম করে আফগান ভূখণ্ডে প্রবেশকারী সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে বড় অভিযানে ২৮ জন নিহত এবং আরও ৩২ জনকে জীবিত আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার কয়েকটি সশস্ত্র দল ডুরান্ড রেখা অতিক্রম করে কামদেশ জেলায় প্রবেশ করে। তাদের মধ্যে দায়েশ সদস্য এবং মন্ত্রণালয়ের ভাষায় ‘শর ও ফাসাদ’-এর সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে নুরিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করা।

এ সময় আফগান নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে ২৮ জন নিহত এবং ৩২ জনকে জীবিত আটক করা হয়। অবশিষ্টরা ডুরান্ড রেখার ওপারে পাকিস্তানি মিলিশিয়াদের অবস্থানের দিকে পালিয়ে যায়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, অনুপ্রবেশকারী দলগুলো পাকিস্তানি মিলিশিয়াদের সহযোগিতা ও উৎসাহে আফগানিস্তানে প্রবেশ করেছিল। তাদের সঙ্গে পাকিস্তানি মিলিশিয়া, পাকিস্তানি ‘আরবাকি’ বাহিনী এবং দায়েশ সদস্যরাও সমন্বয় করে অবস্থান করছিল। তবে সংঘর্ষ শুরু হওয়ার পর তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে জড়িত ব্যক্তিদের একটি বড় অংশ আফগানিস্তানের সাবেক সরকারের সামরিক বাহিনীর সদস্য ছিলেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো বিদেশে আশ্রয় ও উচ্চ বেতনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাবেক আফগান সামরিক সদস্যদের কয়েকজনকে পাকিস্তানে নিয়ে যায়। পরে পাকিস্তানি সামরিক ও গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন ক্যাম্পে তাদের প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে নুরিস্তানে পাঠানো হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যার সমাধানের পরিবর্তে পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিয়ে প্রতিবেশী দেশগুলোতে সংঘাত ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

একই সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রলোভনে যুক্ত হওয়া যুবক এবং সাবেক সামরিক সদস্যদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। যারা এ ধরনের তৎপরতায় যুক্ত হয়েছেন, তাদের আফগান নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণেরও আহ্বান জানানো হয়েছে।

আঞ্চলিক দেশগুলোর প্রতিও সতর্ক থাকার আহ্বান জানিয়ে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাকিস্তান থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিয়ে প্রতিবেশী দেশগুলোতে পাঠানোর তৎপরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

তবে হতাহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে গরমিল রয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল বিবৃতি এবং আফগান সংবাদমাধ্যমগুলো ২৮ জন নিহত ও ৩২ জনকে জীবিত আটকের কথা জানিয়েছে। অন্যদিকে রয়টার্স ও আল জাজিরা আরবির প্রতিবেদনে ২৮ জন নিহতের পাশাপাশি ৩২ জন আহত হওয়ার কথা বলা হয়েছে।

এদিকে পাকিস্তান নুরিস্তানের ঘটনায় দেশটির সামরিক ও গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদ বলেছে, এসব অভিযোগের পক্ষে আফগান পক্ষ কোনো যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করেনি। সাবেক আফগান সামরিক সদস্যদের নিয়োগ বা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে পাকিস্তান।

সূত্র : আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাখতার নিউজ, পাজওক, আরিয়ানা নিউজ, রয়টার্স, আল-জাজিরা আরবি ও জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ