spot_img
spot_img

ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে আমেরিকা শুধু স্বপ্নই দেখতে পারে: পেজেশকিয়ান

আমেরিকা ইরানকে নিশ্চিহ্ন বা ধ্বংস করার স্বপ্নই দেখতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জনগণ শক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সব বাধা অতিক্রম করবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের ২৪৬টি প্রকল্প অনলাইনে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রকল্পগুলোতে ৩৫ ট্রিলিয়ন তুমান বিনিয়োগ করা হয়েছে এবং এর মাধ্যমে ৩ হাজার ২০০ কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক ও পর্যটন সম্পর্ক বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর আমেরিকার আরোপ করা নিষেধাজ্ঞার কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক, পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো প্রয়োজন। এ ধরনের সম্পর্ক দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

পেজেশকিয়ান পর্যটন ও অবকাঠামো উন্নয়নের সুযোগগুলো সর্বোচ্চ কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি বলেন, ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞাগুলোকে আঞ্চলিক সম্পর্ক সম্প্রসারণ এবং আরও কর্মসংস্থান সৃষ্টির সুযোগে পরিণত করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশীরা একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা।’ তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যাপক পরিসরে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো দেশের সেবায় নতুন পথ খুলে দিতে পারে।

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ এবং সফরকালে পরিচালিত কূটনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে পেজেশকিয়ান ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানান।

ইরানের প্রেসিডেন্ট মানবাধিকার এবং আন্তর্জাতিক ও মানবিক আইনের বিষয়ে আমেরিকার প্রেসিডেন্টের অবস্থানেরও নিন্দা জানান। তিনি বলেন, ইরানি জনগণকে নিশ্চিহ্ন করার হুমকি দেওয়ার সময় ট্রাম্পের কাছে এসব নীতির কোনো অর্থই যেন থাকে না।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানি জনগণ কঠিন পরিস্থিতি ও নিষেধাজ্ঞা থেকে গর্বের সঙ্গে বেরিয়ে আসবে। তারা উৎপাদন ও দেশের উন্নয়নে অবদান রাখা অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘আমেরিকা ইরানকে নিশ্চিহ্ন করা, ধ্বংস করা ও উৎখাত করার স্বপ্ন দেখবে।’ তিনি জোর দিয়ে বলেন, ইরানি জনগণ ‘শক্তি ও দৃঢ়তার’ সঙ্গে কাজ করছে এবং সব বাধা অতিক্রম করবে।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ