নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা গ্রুপের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাদের মির্জার ছেলেসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে থানার সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ২০-২৫ জন সমর্থক মেয়র মির্জা বিরোধী শ্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে বসুরহাট পৌরসভা শহীদ মিনার গেইট দিয়ে পৌরসভায় ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা উপজেলা গেইটে চলে যায়। এর কিছুক্ষণ পর মেয়র মির্জার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে মির্জার অনুসারীরা থানার সামনে গেলে উভয়পক্ষের সমর্থকরা একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে কাদের মির্জার ছেলে তাশিক মির্জা ও আরমান চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়।
এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলেও জানা গেছে।












