রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। একই সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকু ও পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছেন।











