চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা ও গ্রেপ্তারের মতো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের তালিকা পুলিশের নিয়মিত কার্যক্রম। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তথ্য পুলিশের কাছে সংরক্ষিত থাকে এবং নিয়মিত হালনাগাদ করা হয়। নতুন করে আলাদা কোনো তালিকা তৈরির বিষয় নয় বলেও জানান তিনি। অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং সামনে তা আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ কিংবা বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার বক্তব্য থাকলে তার বিচার জনগণ করবে। এ ধরনের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।











