দেশকে সম্ভাব্য মরুভূমির গ্রাস থেকে রক্ষা করতে সরকার খাল খনন ও নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণে কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এরপর আর কোনো সরকার এর প্রয়োজনীয়তা মনে করেনি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বন্দরমনি ও বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর ডান তীরে ১ হাজার ১৫০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
খাল খনন চালু হওয়া প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে বন্যা ও ভূমিধস থেকে রক্ষা করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমান নদীপাড়ের মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে নদীর পাড় রক্ষা বাঁধ নির্মাণে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সরকার এসব কর্মসূচি বাস্তবায়ন করলে বিরোধী দলের কোনো রাজনীতি থাকবে না। এ কারণে তারা কথায় কথায় ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে সরকারের উন্নয়নের যাত্রাকে ব্যাহত করতে চায়।
পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, বোদায় সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বারুণী স্নানঘাট নির্মাণ করা হচ্ছে। সেখানে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।











