spot_img
spot_img

চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের ব্যানারে মিছিলের চেষ্টা, ১২ জন আটক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০২ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরের সিআরবি’র বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। এ সময় ঘটনাস্থলের পাশেই থাকা পুলিশের একটি টহল দলের সদস্যরা তাদের ধাওয়া দেন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে আটক ব্যক্তিরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে জানতে পেরেছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ