spot_img
spot_img

তিন মাসের মধ্যে কেরানীগঞ্জে যাবে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার

রাজধানীর যানজট নিরসনে আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। তাই আগামী তিন মাসের মধ্যে এসব টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। একই সঙ্গে বাসের টার্মিনাল ও ডিপোর কার্যক্রম আলাদা করা হবে।

তিনি বলেন, কেরানীগঞ্জের চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। আপাতত স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের আগ পর্যন্ত এই জায়গায় গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল স্থানান্তর করা হবে।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, সরকার বাসের ডিপো ও টার্মিনালের কার্যক্রম আলাদা করার কাজ করছে। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে এর ডিপো পূর্বাচলে স্থানান্তর করা হবে।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণের জন্য রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে একটি বহুমুখী পরিবহন কেন্দ্র গড়ে তোলা হবে। দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাসসহ বিভিন্ন পরিবহন পর্যায়ক্রমে সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল স্থানান্তরের কাজ সর্বোচ্চ তিন মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব টার্মিনালের বাস সেখানে স্থানান্তর করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ