ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও রাশিয়ার বিদ্যমান রাজনৈতিক বোঝাপড়াকে বাস্তব অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। এ জন্য বাণিজ্য ও পণ্য পরিবহন সম্প্রসারণ, রুশ বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি ও খনিজ খাতে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে ব্যাংকিং ও অর্থ পরিশোধের ব্যবস্থা সহজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) মস্কোতে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভেরচুকের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন মাওলানা মুত্তাকি। বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, আঞ্চলিক যোগাযোগ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের পাশাপাশি বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মাওলানা মুত্তাকি কাবুল ও মস্কোর রাজনৈতিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা তুলে ধরেন। আফগানিস্তানের প্রতি রাশিয়ার নেতৃত্বের ইতিবাচক নীতির জন্য তিনি রুশ নেতৃত্বকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, দুই দেশের বিদ্যমান রাজনৈতিক বোঝাপড়াকে বাস্তব অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে হবে। এ জন্য বাণিজ্য ও পণ্য পরিবহন সম্প্রসারণ, আফগানিস্তানে রুশ বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি ও খনিজ খাতে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে ব্যাংকিং ও অর্থ পরিশোধের ব্যবস্থা সহজ করা প্রয়োজন।
ওভেরচুক আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে রাশিয়ার প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, বাস্তব সহযোগিতা শুরুর জন্য এখন প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি পণ্য পরিবহন, পরিবহন ব্যবস্থা, জ্বালানি ও অন্যান্য খাতে যৌথ কার্যক্রম বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে গত বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে উল্লেখযোগ্য বৃদ্ধির কথাও উল্লেখ করেন।
অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বাস্তবভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন রুশ উপপ্রধানমন্ত্রী।
সূত্র : আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, আরিয়ানা নিউজ











