ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা-নেকাব পরিহিত কোনো শিক্ষার্থীকে ধর্মীয় পোশাকের কারণে অপমান, হেয় বা নিরাপত্তা বিঘ্নিত করার মতো আচরণ আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে প্রগতিশীলতার নামে ইসলামোফোবিক আচরণ এবং দাড়ি-টুপি-নিকাব-পর্দার প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক মনোভাবের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘শুধুমাত্র বোরকা-নেকাবের কারণে কোনো শিক্ষার্থীকে ডিহিউম্যানাইজ করা, অপমান করা কিংবা তার নিরাপত্তা বিঘ্নিত করার মতো উগ্রবাদী আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সহ্য করা হবে না।’
তিনি আরও বলেন, প্রগতিশীলতার নামে ইসলামোফোবিক আচরণ এবং দাড়ি-টুপি-নিকাব-পর্দার প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক মনোভাব এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা বরদাশত করবে না। কোনো অসহিষ্ণু ও উগ্রবাদী শিক্ষককে শিক্ষার্থীরা আর শ্রেণিকক্ষে দেখতে চায় না।
এ সময় বিগত দিনে এই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের প্রশংসা করেন তিনি। এ জন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডাকসুর সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ভিন্নমত ও ভিন্ন চিন্তাধারার পারস্পরিক সহাবস্থান, মানবিক মর্যাদা এবং একাডেমিক সমতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন সাদিক কায়েম।











