আমেরিকা ও দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের মুখে ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশটির পুলিশ বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি।
শুক্রবার (৯ অক্টোবর) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খামেনি তার বার্তায় বলেন, মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হলো নিরাপত্তা। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত এই নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী দেশের নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদীর (আল্লাহ তার পবিত্র পুনরাগমন ত্বরান্বিত করুন) দোয়ার বরকতে ইসলামী ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধির কাজে পুলিশ সদস্যরা উত্তরোত্তর সাফল্য লাভ করবেন।
ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধে পুলিশ বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে খামেনি বলেন, অপরাধী আমেরিকান-জিয়নবাদী শত্রু এই বাহিনীর সর্বোচ্চ কমান্ড থেকে শুরু করে সামনের সারির সদস্যদের ওপর হামলা চালানোর চেষ্টা করেছে। তবে শত্রুর এসব হামলা সত্ত্বেও পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালনে সামান্যতম বিচ্যুত হননি।
বার্তায় আরও বলা হয়, মানবসম্পদ, হার্ডওয়্যার ও সফটওয়্যারসহ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোকে সার্বিকভাবে শক্তিশালী করা প্রয়োজন। বিশেষ করে তথ্য বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির উদ্দেশ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে পুলিশ বাহিনীর দায়িত্ব পালনের সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।
খামেনি পুলিশ বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাহিনীর সাহসী, নিরলস ও বিচক্ষণ কমান্ডারের প্রশংসা করেন তিনি। ইমাম মাহদীর দোয়ার বরকতে ইসলামী ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধিতে পুলিশ বাহিনী ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, প্রেস টিভি











